![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এ ঘটনায় হোটেলটি সিলগালা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে কোতোয়ালি থানাধীন বন্দর এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নন-এফআইআর মামলা নম্বর ২২৯৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬, সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল ‘সবুজ বিপনী’ সিলগালা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।