![]()


প্রবাস ডেস্ক ::
লন্ডন সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন-এর সম্পাদক ও সিলেট বিভাগের প্রবীণ সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে মতবিনিময় সভা করেছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের নিউ রোডের একটি ব্যারিস্টার চেম্বারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় সভায় লন্ডনে সফররত সাংবাদিক বকশী ইকবাল আহমদকে স্বাগত জানানো হয়।
সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক ড. আনসার আহমেদ উল্লাহ, সংগঠনের সহসভাপতি কবি ইমদাদুন খান, সাবেক সভাপতি সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ, সহসভাপতি আশরাফুল হুদা ও শাহেদা রহমান, সহকারী সেক্রেটারি আসমা মতিন, টিভি উপস্থাপক হেনা বেগম, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, শাহ মোস্তাফিজুর রহমান ও শোভা মতিনসহ অনেকে।
সভায় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, সৌদিয়া ও কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান। পাশাপাশি প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা সাংবাদিক বকশী ইকবাল আহমদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, গণমাধ্যমে অবদান এবং প্রবাসীদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রশংসা করেন।
জবাবে বকশী ইকবাল আহমদ প্রবাসী সাংবাদিকদের সঙ্গে দেশের সাংবাদিক ও গণমাধ্যমের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসী সাংবাদিকদের দেশের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড ও সমস্যার বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক বকশী ইকবাল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।