সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিল্পচর্চায় অনন্য অবদানের স্বীকৃতি ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ পেলেন আব্দুস সাত্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। দীর্ঘ ও বর্ণাঢ্য শিল্পসাধনা, সৃজনশীলতা, গবেষণা, শিক্ষকতা এবং বাংলাদেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় শিল্পী, গবেষক, লেখক, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাপচিত্র শিল্পী হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এক অনন্য ব্যক্তিত্ব। ১৯৪৭ সালে নাটোরের বড়াইগ্রামে জন্মগ্রহণকারী এই গুণী শিল্পী তৎকালীন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে বিএফএ ও এমএফএতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যয়ন করেন। পরবর্তীতে ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্র্যাট ইনস্টিটিউট থেকে ছাপচিত্রে এমএফএ ডিগ্রি ডিস্টিংশনসহ সম্পন্ন করেন।

চিত্রকলা, ছাপচিত্র, কাঠখোদাই, বাটিক ও ভাস্কর্যে তাঁর সৃজনশীল অবদান রয়েছে। পাশাপাশি শিল্পতত্ত্ব, নন্দনতত্ত্ব ও শিল্প-ইতিহাস বিষয়ে তাঁর লেখা ২৫টি গ্রন্থ বাংলাদেশের শিল্পচর্চাকে সমৃদ্ধ করেছে।

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপক, বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, পরিচালক এবং এ. এফ. রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চারুকলা অনুষদে অনারারী প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক ২০২৬। এছাড়া দুইটি গ্র্যান্ড অ্যাওয়ার্ডসহ সাতটি আন্তর্জাতিক পদক এবং দেশে স্বর্ণপদকসহ নয়টি পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন জয়নুল সম্মাননা ও জেলা শিল্পকলা পদকও।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১০ আগস্ট) নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি নড়াইল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

সোমবার সকালে এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও শিশু স্বর্গ এবং জেলা শিল্পকলা একাডেমি, নড়াইলে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ২০ জন স্থানীয় শিল্পীর অংশগ্রহণে আর্টক্যাম্প, শিশু স্বর্গের তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন উৎসব ও প্রদর্শনী, ‘সুলতান সম্মাননা পদক প্রদান’, সুলতান বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং সভাপতি এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। ‘এস এম সুলতান: জীবন ঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

আজীবন শিল্পসাধনা, গবেষণা, শিক্ষকতা এবং বাংলাদেশের শিল্প-ঐতিহ্যকে বিশ্বপরিসরে প্রতিষ্ঠায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের অসামান্য অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: