সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২০ কোটি পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধারা বদলে যাচ্ছে। সিনেমায় অভিনয়ের জন্য এককালীন মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার বদলে এখন অনেক তারকাই প্রজেক্টের লভ্যাংশ ও বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার বা আইপিআরের অংশীদার হচ্ছেন। এবার সেই পথেই হাঁটার ইঙ্গিত মিলেছে শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখবেন রাহুল মোদী।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ তথ্য বলছে, এককালীন সেই বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার বদলে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

এই মডেলে শুরুতে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নাও নিতে পারেন শ্রদ্ধা। পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে আসা লাভের একটি অংশ পাবেন তিনি। সিনেমাটি ব্যবসাসফল হলে এই পদ্ধতিতে তার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও অনেক বেশি হতে পারে।

বলিউডে অবশ্য এমন ব্যবসায়িক মডেল নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও এভাবে লাভবান হয়েছেন বলে খবর। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার জন্য তিনি তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে সিনেমাটির বড় একটি অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে রেখেছিলেন। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তিনি প্রায় ৩৫ কোটি রুপির বেশি আয় করেন বলে জানা গেছে।

বর্তমানে শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারাও পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লভ্যাংশে অংশ নেওয়ার মডেলে ঝুঁকছেন।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।

অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে লাভের অংশীদার হবেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: