![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে আরমান সেলুনে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে দগ্ধদের মধ্যে নয়জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন সেলুনের গ্রাহক ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭) দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
তিনি জানান, রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।