![]()


খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা সীমান্তে বুধবার মধ্যরাতে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। সে ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। এসময় বিজিবি তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে। রাতেই বিজিবি তাকে থানায় সোপর্দ করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে বিজিবি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুন্ড এলাকা থেকে মো. আলী হুসেন (৩২) নামক ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার নিটক থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার পরবর্তী জব্দ করেছে। জিজ্ঞাসাবাদে সে সীমান্ত চোরাকারবারে জড়িত বলে বিজিবির কাছে স্বীকার করে। সে আরো বলেছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান বৃহস্পতিবার সকালে জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক এবং সীমান্ত চোরাকারবারি। বিজিবির কাছে সে স্বীকার করেছে মাদক ব্যবসা ও মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। রাতেই তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে ৯ পিস ইয়াবা ও ২০০০ ভারতীয় ২ হাজার রুপিসহ ফখরুল উদ্দিন (৪০) নামক মাদক ব্যবসায়িকে বিজিবি আটক করেছে। সে উপজেলার ডিমাই গ্রামের ফরিদ আলীর ছেলে। আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, বুধবার রাতে বিজিবি সীমান্তবর্তী ডিমাই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ি ফখরুল উদ্দিনকে আটক করে বিজিবি। পরে বিজিবি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করেছে।