![]()


বড়লেখা প্রতিনিধি ::
ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বড়লেখার শিশু শিক্ষা একাডেমি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে একাডেমির পরিচালক মো. খলিলুর রহমান, মো. ফখরুল ইসলাম পারুল ও তারেক আহমদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। তারা বলেন, দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদ ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে ঢাকা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।
এই দুর্ঘটনা গোটা জাতিকে শোকাচ্ছন্ন করেছে।