![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আবার আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করার সময়ে তাদের আটক করা হয়।
পাশাপাশি, আজিঙ্কা শিন্ডে-সহ সিজেপির আরো বেশ কয়েকজন সমর্থককেও পুলিশ আটক করেছে।
এদিকে, দিল্লির যন্তর মন্তরে এখন থেকে আর বিক্ষোভ প্রদর্শন করা চলবে না বলে সোমবারই জানিয়েছিল দিল্লি পুলিশ। যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানে বিক্ষোভ প্রদর্শন করা যাবে বলে জানানো হয়েছে।
সোমবারই দিল্লির সংসদ মার্গ থানায় যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের জন্য দিন নির্দিষ্ট করার আর্জি জানিয়েছিল সিজেপি। এর আগে ওইখানে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি চাইলেও তা মেলেনি।
পুলিশকে বিক্ষোভ প্রদর্শনের জন্য দিন বেঁধে দিতে ২৪ ঘণ্টার সময়ও দিয়েছিলেন তারা। এরই মাঝে মঙ্গলবার সকালে যন্তর মন্তরে প্রবেশ করতে গিয়ে আটক হলেন সিজেপির সদস্যরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেই ভিডিওতে সিজেপির কয়েকজন সমর্থককে যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায় যে সিজেপির সমর্থকরা একটি বন্ধ গেট টপকে যন্তর মন্তর চত্বরে প্রবেশ করলেন এবং ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করলেন। এরপরেই চারিদিক থেকে পুলিশ কর্মীরা দৌড়ে এসে সিজেপি সমর্থকদের জাপটিয়ে ধরে আটক করে ফেলেন।
অভিজিৎ দীপকে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন , আজ ভোরে তেরঙ্গা পতাকা নিয়ে ককরোচরা যন্তর মন্তরে প্রবেশ করে এবং দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, অজিঙ্ক্যা শিন্ডে এবং দলের অন্যান্য সদস্যদের আটক করা হয়েছে। নরেন্দ্র মোদী, আপনি এই বিক্ষোভ বন্ধ করতে পারবেন না।