সর্বশেষ আপডেট : ৩ মিনিট ১৪ সেকেন্ড আগে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের সঙ্গে আগের আলোচনা ছিল সময়ের অপচয়: ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও যুদ্ধের পথই বেছে নিতেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে পূর্ববর্তী আলোচনাকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, আলোচনার সময় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও তা অগ্রগতিতে বিলম্ব ঘটিয়েছিল। তবে এর মধ্য দিয়ে ওয়াশিংটন ইরানের কর্মকর্তাদের ভালোভাবে চিনতে পেরেছে এবং বুঝেছে যে তাঁদের বিশ্বাস করা যায় না।

যুদ্ধ পরিচালনায় নিজের ভূমিকার সাফাই দিয়ে ট্রাম্প দাবি করেন, দীর্ঘমেয়াদে তাঁর সিদ্ধান্তগুলো ইতিবাচকভাবেই মূল্যায়িত হবে। সংঘাত নির্বাচনে প্রভাব ফেলেছে স্বীকার করেও তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক হিসাব-নিকাশ তাঁর সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক শক্তি দুর্বল করার লক্ষ্যে দেশটিতে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, ইসরায়েল ও কয়েকটি দেশের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। এই সংঘাতের প্রভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

পরবর্তীতে গত এপ্রিলে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয় এবং ১৭ জুন বৃহত্তর সমঝোতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়। তবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের জেরে সেই উদ্যোগ ভেঙে পড়ে এবং আগস্টে সমঝোতার মেয়াদ শেষ হয়। বর্তমানে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানালেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: