![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দৃষ্টিশক্তির পরিবর্তনের মধ্যেও শিল্পচর্চা অব্যাহত রাখা এবং সৃজনশীলতার নতুন পথ খুঁজে নেওয়ার গল্প নিয়ে ঢাকায় শুরু হচ্ছে আলোকচিত্রী আরিফ আবদুল্লাহর একক প্রদর্শনী ‘লিসেনিং বিয়ন্ড সাইট’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এ প্রদর্শনীতে উঠে এসেছে শিল্পকে দেখার ও অনুভব করার প্রচলিত ধারণার বাইরে নতুন করে ভাবার সুযোগ।
শিল্প, উপলব্ধি আর পৃথিবীকে দেখার প্রচলিত ধারণার বাইরে নতুন করে ভাবার সুযোগ নিয়ে ঢাকায় শুরু হচ্ছে আলোকচিত্রী আরিফ আবদুল্লাহর একক প্রদর্শনী লিসেনিং বিয়ন্ড সাইট (Listening Beyond Sight)। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এ প্রদর্শনীতে উঠে এসেছে দৃষ্টিশক্তির পরিবর্তনের মধ্যেও শিল্পচর্চা অব্যাহত রাখা এবং সৃজনশীলতার নতুন পথ খুঁজে নেওয়ার এক ব্যতিক্রমী গল্প।
স্কুলজীবনেই আলোকচিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় আরিফের। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর চারুকলায় পড়াশোনার পাশাপাশি আলোকচিত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন তিনি। ২০০৯ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে চারুকলায় তৃতীয় বর্ষে পড়ার সময় তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। তিনি আক্রান্ত হন কোরয়ডেরেমিয়া নামের একটি বিরল জিনগত রোগে, যার ফলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসে।
দৃষ্টিশক্তির এই পরিবর্তন তাঁর শিল্পীসত্তাকে থামিয়ে দিতে পারেনি; বরং তাঁকে খুঁজে নিতে হয়েছে প্রকাশের নতুন মাধ্যম। গানের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকে ধীরে ধীরে ব্লুজ সংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তাঁর। হারমোনিকা হয়ে ওঠে সংগীতচর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। ব্লুজ সংগীতশিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনলাইন পাঠের মাধ্যমে নিজেই এই বাদ্যযন্ত্র বাজানো শেখেন আরিফ। একসময় বাংলাদেশে পেশাদার হারমোনিকা বাদক হিসেবে পরিচিতি পান তিনি। পরে বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্যবাহী বায়ুবাদ্যযন্ত্র নিয়ে কাজ করার পাশাপাশি নিজেই বাদ্যযন্ত্র তৈরি ও প্রচলিত যন্ত্রের পরিবর্তন সাধনেও মনোযোগী হন।
আলোকচিত্রের পাশাপাশি সংগীত, গান লেখা ও সাউন্ড ডিজাইন—বিভিন্ন মাধ্যমে বিস্তৃত হয়েছে তাঁর শিল্পচর্চা। এসব মাধ্যমের মধ্য দিয়ে আরিফ অনুসন্ধান করেছেন শিল্পের নতুন সম্ভাবনা, ব্যক্তি স্বাধীনতা এবং চারপাশের পৃথিবীর সঙ্গে মানুষের সংযোগের নানা দিক।
লিসেনিং বিয়ন্ড সাইট প্রদর্শনীতে উঠে এসেছে তাঁর এই বহুমাত্রিক শিল্পযাত্রা। দৃষ্টিশক্তির পরিবর্তন কীভাবে একজন শিল্পীর জীবন ও কাজকে নতুনভাবে গড়ে দিতে পারে, তা তুলে ধরার পাশাপাশি দর্শকদের শিল্পকে দেখার ও অনুভব করার প্রচলিত ধারণা নিয়ে ভাবতে উৎসাহিত করবে এ আয়োজন।
নিজের ফটোগ্রাফিচর্চা প্রসঙ্গে আরিফ আবদুল্লাহ বলেন, “রংকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখলে দৃশ্যের অন্যান্য উপাদান—রেখা, আকৃতি, ছায়া ও বুনট—আরও স্পষ্টভাবে চোখে পড়ে। এতে রঙের বাইরে গিয়ে কোনো দৃশ্যের নিজস্ব দৃশ্যভাষা আরও ভালোভাবে বোঝা সম্ভব হয়।”