![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘চেকআউট’।
মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিমুল শর্মা ও লামিমা লাম; ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে নাটকটি।
বঙ্গের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন কনটেন্ট ক্রিয়েটর ভিউ কিংবা অনলাইনের লাইমলাইটে টিকে থাকার প্রতিযোগিতায় কতটা পথ যেতে পারেন, সেই গল্পই দেখানো হয়েছে ‘চেকআউট’-এ। নাটকটি গত বৃহস্পতিবার থেকে প্রচারে এসেছে।
‘চেকআউট’-এর গল্পের মূল চরিত্র দুই কনটেন্ট ক্রিয়েটর। ভার্চুয়াল দুনিয়ায় নিজেদের দর্শক সংখ্যা বাড়াতে ও আলোচনায় থাকতে তারা এক অভিনব ও ঝুঁকির পথ বেছে নেন।
ক্যামেরার সামনে লাইক-ফলোয়ার পাওয়ার উদ্দেশে তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। এতে তৈরি হয় নানা অনাকাঙ্ক্ষিত জটিলতা।
ভার্চুয়াল জগতের এই মেকি সম্পর্ক আর ক্যামেরার পেছনের আসল জীবনের মানসিক টানাপোড়েন শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে দাঁড় করায়, তাই তুলে ধরা হয়েছে নাটকটিতে।
বঙ্গের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “আজকের তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তবতা এবং ভাইরাল হওয়ার দৌড়ের পেছনের গল্প নিয়েই ‘চেকআউট’। শিমুল ও লামিমার চমৎকার রসায়ন আর স্বাধীনের নির্মাণে দর্শক সমসাময়িক জীবনের একটি বাস্তব ও বিনোদনমূলক গল্প দেখতে পাবেন।”