সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সঞ্জয়ের ‘শান্তি নেই’ মন্তব্য, তুমুল বিতর্ক ভারতে

ডেইলি সিলেট ডেস্ক ::

গান্ধীজয়ন্তীর বিশেষ পর্বে ভারতের মানুষ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, ভারতীয়রা অত্যন্ত ভালো, উদার ও অতিথিপরায়ণ। কিন্তু ইদানিং মনে হচ্ছে, দেশে এখন আর আগের মতো সেই শান্তি নেই।

“আমি প্রার্থনা করি যেন সেই দিনগুলো আবার ফিরে আসে।”

ভারতের জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন সঞ্চালক শেখর সুমনের আলোচিত টক শো ‘শেখর টুনাইট’-এর বিশেষ পর্বে মন্তব্যটি করেন সঞ্জয়। অনুষ্ঠানের রাজনৈতিক ব্যঙ্গাত্মক পর্বে নিজের জনপ্রিয় ‘মুন্না ভাই’ চরিত্রের ঢংয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার অভিনয় করেন তিনি। এ সময় রাজনীতি, মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেন সঞ্জয়।

গান্ধীর তিন বানরের প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেন, “এখন চতুর্থ একটি বানরও দরকার। কারণ কেউ খারাপ কিছু দেখলে সেটি ঠিক করবে কে?”

অনুষ্ঠানের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সঞ্জয়ের মন্তব্য নিয়ে বিতর্ক ও কটাক্ষ শুরু হয়। তার কাছে বেশিরভাগ মানুষের প্রশ্ন, তিনি কোন সময়ের কথা বলছেন? ‘আগের সেই দিন’ বলতে তিনি কোন দিনগুলো বোঝাতে চেয়েছেন?

প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক মহল থেকেও। বিজেপির মহারাষ্ট্রের বিধান পরিষদ সদস্য পরিনয় ফুকে সঞ্জয় দত্তের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ভারতে শান্তি না পেলে সঞ্জয়ের উচিত পাকিস্তান বা ইয়েরওয়াড়া জেলে চলে যাওয়া উচিত।

অন্যদিকে কংগ্রেস নেতা নানা পাটোলে সঞ্জয় দত্তের মন্তব্য সমর্থন করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উদ্বিগ্ন হতে পারেন, তাতে দোষের কিছু নেই।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে সঞ্জয় স্পষ্ট করেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

অভিনেতা লিখেছেন, “কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনওই আমার উদ্দেশ্য ছিল না।”

নিজের মন্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সঞ্জয় বলেন, ওই কথোপকথনটি আগে থেকেই চিত্রনাট্য হিসেবে তৈরি করা ছিল এবং সেটিকে হালকা মেজাজে, রসিকতার ছলে উপস্থাপন করাই উদ্দেশ্য ছিল। নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের হাস্যরস ও ব্যঙ্গাত্মক উপস্থাপনার সঙ্গেও বিষয়টির তুলনা করেন তিনি।

বিশেষ করে ওই সিনেমায় দেখানো ‘গাঁধীগিরি’র প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেন, এর মূল ভাবনাই হলো ভালোবাসা, উষ্ণতা, একসঙ্গে থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য।

লিখিত বিবৃতি দিয়েও দায় সারেননি সঞ্জয়। হাতজোড় করে ভিডিও বার্তা দিয়ে তিনি বলেন, “অনুষ্ঠানে বলা কথাগুলো আমার ব্যক্তিগত মতামত নয়। এই অংশটিই ছিল চিত্রনাট্যনির্ভর এবং ব্যঙ্গাত্মক পরিবেশনা।”

সঞ্জয়কে আগামী দিনে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’ সিনেমায়। এটি তার ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সিকুয়েল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: