![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’। আগামী ২ ও ৪ অক্টোবর ২০২৬ তারিখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের ‘শিশু আনন্দ মেলা’য় অংশ নিচ্ছে দেশের ৪৩টি শিশু-কিশোর সংগঠন। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের পাশাপাশি থাকবে শিশু-কিশোরদের মুক্ত আলোচনা সভা।
সংগঠন সূত্রে জানা যায়, উৎসবের প্রথম দিন ২ অক্টোবর (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এ ছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আমরা কুঁড়ি ২০২৬’-এর পুরস্কার বিতরণী।
উৎসবের দ্বিতীয় দিন ৪ অক্টোবর (রবিবার) অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে (নিচতলা)।
এদিন বিকেল সাড়ে ৫টায় নগর ভবনের সামনে ‘শুক্রবার কোচিং ক্লাস চাই না’ শীর্ষক শিশু-কিশোর ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে শিশু-কিশোরদের মুক্ত আলোচনা ‘আমরা কেমন ঢাকা চাই’ আয়োজিত হবে।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু সংগঠকদের বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।