সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কানাডায় শিক্ষার্থীদের সঙ্গে নাচবেন শিবলী মহম্মদ ও নিপা

ডেইলি সিলেট ডেস্ক ::

কানাডার টরন্টোতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মঞ্চে নাচবেন নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। এ আয়োজনের অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়ছেন তাঁরা।

নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। শিবলী ও নিপার যুগলবন্দির পাশাপাশি এ সন্ধ্যায় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরীর একক পরিবেশনা থাকবে।

অনুষ্ঠানে অংশ নিতে সফরের পরিকল্পনা, প্রস্তুতি ও দেশের নৃত্যাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন নিপা ও শিবলী।

তাঁরা জানিয়েছেন, কানাডার আয়োজনের কেন্দ্রে রয়েছেন তাঁদের শিক্ষার্থীরা। দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ১৪ নভেম্বরের মঞ্চে এই দুই শিল্পীর সঙ্গে নাচবেন।

অনুষ্ঠানের আগে ৭ ও ৮ নভেম্বর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করা শিক্ষার্থীরা শিবলী ও নিপার সঙ্গে মঞ্চে পরিবেশনার সুযোগ পাবেন।

মূল অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সুফি ও ধ্রুপদি সংগীতসহ নানা ধারার গানের সঙ্গে পাঁচ-ছয়টি নাচ পরিবেশিত হবে।

টরন্টোতে অনুষ্ঠানের এত আগে যাওয়ার কারণ জানতে চাইলে নিপা বলেন, “আমাদের তো একটা প্রস্তুতি আছে। সেখানে একটা ওয়ার্কশপ আছে। ওখানেই আমরা ছেলেমেয়েদের কিছুদিন একটু ট্রেনিং দেব। রিহার্সাল করতে হবে। আমরা প্রায় পাঁচটা নাচ করব। বিভিন্ন টাইপের নাচ, রবীন্দ্র, নজরুল, ফিউশন, দেশ, ফোক। তো সবকিছু মিলে ওদের একটু ট্রেনিং দিতে হবে আমাদের। তাই এবার একটু লম্বা একটা সময় নিয়ে যেতে হচ্ছে।”

অনুষ্ঠান নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নে নিপা বলেন, “আমাদের প্রত্যাশা খুব আশাব্যঞ্জক এইজন্য, কারণ ওখানে আমাদের অনেক স্টুডেন্টরাও আছে আগে থেকেই। ওরাও খুব এক্সাইটেড, বারবার ফোন করছে যে কবে আসব আমরা। তো ভালো লাগে যে নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে। আমরা গেলাম, দুইজন পারফর্ম করলাম, সেটার মধ্যে একধরনের আনন্দ।

“আর যদি ওইখানকার লোকাল আর্টিস্টদের নিয়ে কাজ করা যায়, সেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপ্তি আছে। তারা যুক্ত হল, ওরা কিছু শিখতে পারে, পরবর্তীতে এটাও তারা চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। তো সেটা চিন্তা করেই আমরা এবারের প্ল্যানিংটা করেছি। আশা করি যে, মোটামুটি একটা ভালো অনুষ্ঠান করতে পারব।”

কানাডায় নিজেদের সাবেক শিক্ষার্থী ও ভক্তদের অপেক্ষার কথা তুলে ধরে শিবলী মহম্মদ বলেন, তাঁদের দীর্ঘ নৃত্যজীবনের অন্যতম বড় অর্জন হলো সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থী। এই জুটির বহু ছাত্রছাত্রী কানাডাতেও বসবাস করছেন।

“এছাড়া অনেকে এখনও বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নিয়মিত নাচ শেখে। তারা আমাদের এই সফরের কথা শুনে ভীষণ উচ্ছ্বসিত। অটোয়া বা মন্ট্রিল থেকেও অনেকে আমাদের সঙ্গে পারফর্ম করতে টরন্টো আসবে। এই ভালোবাসা ও আত্মিক বন্ধন সত্যিই ভাষায় প্রকাশের নয়।”

কানাডায় তিন দিনের কর্মশালা ও ১৪ নভেম্বরের অনুষ্ঠান শেষে আগামী ২৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার। অনুষ্ঠানের আয়োজক নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি।

দেশে নৃত্য নিয়ে আয়োজন অনেকটা কমে গেছে কি না, এমন প্রশ্নে রাজনৈতিক পটপরিবর্তনের কথা তুলে ধরেন শিবলী মহম্মদ।

তাঁর কথায়, “সাম্প্রতিক নানা রাজনৈতিক অস্থিরতার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে আয়োজনের গতি কিছুটা শ্লথ হলেও আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি।”

আগামীতে পরিস্থিতি ‘আরও স্বাভাবিক হয়ে আসবে’ বলে আশা করছেন এই নৃত্যশিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: