সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ::

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ও সরবরাহ ব্যয় বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেছেন, পণ্যের সরবরাহব্যবস্থা সচল রাখা এবং বাজারে নজরদারি জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। অনেক দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়। বাংলাদেশে সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করায় মূল্যবৃদ্ধির বিষয়টি মানুষের কাছে সরাসরি দৃশ্যমান হয়।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। সরবরাহব্যবস্থার কোথাও অসংগতি তৈরি হলে তার প্রভাব পণ্যের দামে পড়তে পারে। এ কারণে সরবরাহ শৃঙ্খলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্প্রতি আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্য আমদানি, পরিবহন ও বাজারে সরবরাহের ক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে, তা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদন বাড়ছে

সম্প্রতি তৈরি হওয়া গ্যাস সংকটও কেটে গেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল। বর্তমানে সেই সমস্যা নেই।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় চিনি, সয়াবিনসহ আমদানি করা বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে বলে জানান তিনি। ফলে এসব পণ্যের সরবরাহে বড় ধরনের সংকট হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

চা বাগানের আয় বাড়াতে নানা উদ্যোগ

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।

চা বাগানগুলোকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাগানের আয় বাড়াতে নতুন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। চা গাছের ক্ষতি না করে বাগানের জমিতে কাঠ ও মসলাজাতীয় গাছ লাগানোর সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যেসব বাগানে সুযোগ রয়েছে, সেখানে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বাগানের আয় বাড়ানো গেলে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগ তৈরি হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, স্কুলবিহীন বাগানে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং বাগানের রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও মজুরিসহ বিভিন্ন ক্ষেত্রে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: