![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজার আদর্শ ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দর ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলার ছুঁইছুঁই করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার এশিয়ার লেনদেনের শুরুতেই ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১ ডলারের বেশি বেড়ে যায়। এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৩৪ ডলারে।
প্রতিবেদনে জানানো হয়, আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা ছয় মাস ধরে চলা সংঘাতের কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া এবং মধ্যপ্রাচ্যের নতুন নতুন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের সরবরাহ নিয়ে বৈশ্বিক বাজারে বড় ধরনের আশঙ্কার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ইরানের একাধিক তেলের ট্যাংকারে হামলা চালানোর দাবি করার পর এর জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পাশাপশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তু ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোয় সংঘাত আরও বহুমুখী রূপ নিয়েছে।
আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএনজি-র বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শিগগিরই শুরু হওয়ার কোনো আভাস নেই। ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো বাধার মুখে পড়ার চরম ঝুঁকি তেলের দামকে আরও কিছুদিন চড়া রাখতে পারে।