সর্বশেষ আপডেট : ৫৩ মিনিট ২৫ সেকেন্ড আগে
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লেবাননে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১

ডেইলি সিলেট ডেস্ক ::

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে একাধিক এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্থানীয় গণমাধ্যম।

নাবাতিয়েহ জেলার কাফর রেম্মানে মধ্যরাতের পর একটি তিনতলা আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে দুই শিশুসহ ৯ জন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

একই এলাকায় একটি বেসামরিক গাড়িতেও ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের দুই প্যারামেডিক নিহত হন। সংগঠনটি লেবাননে জরুরি সেবা ও উদ্ধারকাজে যুক্ত একটি স্কাউট সংগঠন।

এছাড়া নাবাতিয়েহ আল-ফাওকা ও আরবসালিম এলাকাতেও একাধিক বিমান হামলা চালানো হয়।

দেইর আল-জাহরানিতে রাতের দিকে একটি ভবন ও আশপাশের কয়েকটি স্থাপনার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের ভবন থেকে অন্তত ৩০০ মিটার দূরে সরে যেতে বলা হয়। এর প্রায় ২২ মিনিট পর ইসরায়েলি যুদ্ধবিমান ভবনটি ধ্বংস করে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনা ছিল। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহ বিস্ফোরকবোঝাই একটি ড্রোন ইসরায়েলি সেনাদের দিকে পাঠিয়ে যুদ্ধবিরতি চুক্তি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে। তবে এ অভিযোগের বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো মন্তব্য করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় মোট ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন।

এদিকে যুদ্ধবিরতি কাঠামো চুক্তি স্বাক্ষরের পর থেকে লেবাননে ইসরায়েল ৫ হাজারের বেশি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী। দেশটির এক সামরিক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: