সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ১৮ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ

ডেইলি সিলেট ডেস্ক ::

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রেফারিং। টুর্নামেন্টজুড়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের প্রয়োগ নিয়ে প্রশ্ন এবং রেফারিদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ, খেলোয়াড় ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগও বারবার সামনে এসেছে।

এমন প্রেক্ষাপটে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ধরনের শিথিলতা বা নিয়মের বাইরে কাউকে ছাড় দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ তুলে ধরেন।

উল্লেখ্য, ভিনচিকই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

রেফারিং নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্পেন কোচ বলেন, রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না।

তবে একই সঙ্গে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তার মতে, বিশ্ব ফুটবলের বর্তমান দুই সেরা দলের লড়াই হতে যাচ্ছে এটি। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় রয়েছে অনেক মিল, ফলে শুরু থেকেই ম্যাচে থাকবে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের ছাপ।

দে লা ফুয়েন্তে বলেন, এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: