![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মানুষের বাগান’।
প্রবাসী বাঙালি দর্শকদের জন্য চলচ্চিত্রটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির পরিচালক নূরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’-এর কাহিনি।
উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবারের বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ আয়োজনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয়।
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে সেই পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।
‘মানুষের বাগান’ বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টিসহ অনেকে।
সিনেমার শিরোনামে একটি গান গেয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
এছাড়া চলচ্চিত্রটির কাহিনি নিয়ে পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও ‘মানুষের বাগান’ প্রকাশিত হয়েছে।