সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বখ্যাত গায়িকা বনি টাইলার আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

আশির দশকের বিশ্বখ্যাত গান ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর আ হিরো’র কণ্ঠশিল্পী ওয়েলশ পপ-রক তারকা বনি টাইলার আর নেই।

বুধবার (৮ মে) স্থানীয় সময় পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (৯ মে) বনি টাইলারের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, গত মে মাসে পর্তুগালের ফারো শহরে জরুরি অন্ত্রের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বনি টাইলার। অস্ত্রোপচারের পর তাকে কৃত্রিম কোমায় রাখা হয়। এ সময় তার নির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্ট সফরও স্থগিত করা হয়েছিল।

জুনে কোমা থেকে জেগে উঠলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই কিংবদন্তি শিল্পী।

১৯৫১ সালের ৮ জুন ওয়েলসের স্কিউয়েনে গেইনর হপকিন্স নামে জন্মগ্রহণ করেন বনি টাইলার। পরে ট্যালেন্ট স্কাউট রজার বেলের হাত ধরে সংগীতজগতে তার যাত্রা শুরু হয়।

১৯৭৭ সালে ‘লস্ট ইন ফ্রান্স’ গান এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টার্টস টুনাইট’ অ্যালবামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন তিনি।

ক্যারিয়ারের শুরুতেই স্বরযন্ত্রে অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের পর তার কণ্ঠে যে স্বতন্ত্র কর্কশতা তৈরি হয়েছিল, সেটিই পরবর্তীতে তার পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়।

আশির দশকে প্রযোজক ও গীতিকার জিম স্টেইনম্যানের সঙ্গে কাজ শুরু করার পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান বনি টাইলার।

১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। গানটি যুক্তরাজ্যে সে সময়ের অন্যতম সর্বাধিক বিক্রীত সিঙ্গেল ছিল এবং যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ তালিকায় টানা চার সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।

এই গানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংগীত তালিকায় এক নম্বরে ওঠা প্রথম ওয়েলশ শিল্পী হিসেবে ইতিহাস গড়েন বনি টাইলার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: