![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা পরিষদের মালিকানাধীন প্রায় দেড় কোটি টাকা মূল্যের বেদখল হওয়া ভূমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকায় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা সরিয়ে জমির দখল পুনরুদ্ধার করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল ও ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগভুক্ত প্রায় ৩০ শতক ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই সেখানে দোকানপাট নির্মাণ, রাস্তার গোলচত্বর দখল, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড ও মিনি পিকআপ স্ট্যান্ড গড়ে তোলা হয়।
অভিযানে অবৈধভাবে নির্মিত সাতটি দোকান, একটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং একটি মিনি পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করে জমিটি জেলা পরিষদের দখলে নেওয়া হয়। পরে উদ্ধারকৃত জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়।
উচ্ছেদ অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সার্ভেয়ার, প্রশাসকের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, উদ্ধার করা ভূমিতে কৃষকদের জন্য একটি আধুনিক ‘কৃষক বাজার’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে জেলা পরিষদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ভূমিতে আধুনিক ও পরিকল্পিত মার্কেট নির্মাণ করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি জেলা পরিষদের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
স্থানীয় বাসিন্দারা এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে জায়গাটি অবৈধ দখলে থাকায় বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। সেখানে পরিকল্পিত মার্কেট নির্মিত হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।