সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজ আমির খানের বিয়ে

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি।

তবে আলোঝলমলে তারকাদের ভিড় নয়, বরং পরিবারের মানুষ, কাছের বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা নিয়েই শুরু হচ্ছে অভিনেতার জীবনের নতুন অধ্যায়।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি। তাদের মধ্যে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজন সহকর্মী থাকবেন।

অতিথির তালিকা থেকে শুরু করে বিয়ের মধ্যাহ্নভোজের মেনু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরী। এমনকি খাবার প্রস্তুতির বিষয়টিও তারা নিজেরা তদারকি করেছেন।

একটি সূত্রের ভাষ্য, “এটি কোনো তারকাসুলভ জাঁকজমকপূর্ণ আয়োজন নয়। আমির ও গৌরী চেয়েছেন দিনটি যেন শুধুই পরিবারের মানুষ ও সবচেয়ে কাছের বন্ধুদের সঙ্গে কাটে।”

বিয়ের পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ। মেনুতে দুজনের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজনটি যতটা সম্ভব আন্তরিক ও পারিবারিক আবহে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া আমন্ত্রণ পেয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানি সহ ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী।

এর আগে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে এক প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমবার বিয়ের খবর নিশ্চিত করেন আমির খান।

তিনি বলেন, “৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।”

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছর আগে। দীর্ঘ বিরতির পর আবারও তাদের দেখা হয়, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের জন্মদিনে প্রথমবার গৌরীকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন আমির। তখনই তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি গভীর শান্তি খুঁজে পেয়েছেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্ত এবং পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। উভয় সম্পর্কের পরও সন্তানদের দায়িত্বসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: