![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ভোরে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকের রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ থেকে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকজন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠান।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।