![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
কোকা-কোলা বাংলাদেশ নিয়ে এলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। যে সুর একসময় বসফরাস উপকূল থেকে বাংলায় এসেছিল এবং এখানেই থেকে সেই সুরে শুরু হচ্ছে নতুন সিজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে চতুর্থ সিজনটি শুরু হচ্ছে।
শনিবার (২৩ মে) নজরুল সংগীত ‘রুম ঝুম’-এর মাধ্যমে এই সিজনের যাত্রা শুরু হচ্ছে।
‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা নজরুল গ্রহণ করে বাংলা বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশিরা এই গান গেয়ে আসলেও এর দীর্ঘ ভ্রমণের কথা অনেকেরই অজানা ছিল। কোক স্টুডিও বাংলা চতুর্থ সিজন সেই সংগীত ঐতিহ্যকে পুনরায় একত্রিত করে এই যাত্রাকে পূর্ণতা দিয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিমের অভিষেক এবং নুসরাতের নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো।
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি। কোক স্টুডিও বাংলায় নিজের অভিষেক সম্পর্কে মাহতিম শাকিব বলেন, “‘রুম ঝুম’-এর অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সাথে সংযুক্ত করার মতো করে উপস্থাপন করা হচ্ছে এবং একইসাথে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।”
কোক স্টুডিওতে কাজের অনুভূতি ব্যক্ত করে নুসরাত জাহান বলেন, “‘রুম ঝুম’ গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং ভীষণ অর্থবহ। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার এবং আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। এই কোলাবরেশন আমার কাছে একটি স্বপ্নপূরণের মতো। কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমার সংগীত যাত্রা ‘রুম ঝুম’-এর মতো একটি গানের মাধ্যমে শুরু করাটা এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। আমাদের ঐতিহ্য, কোলাবরেশনের সৌন্দর্য এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির এই কালজয়ী গানের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।”