সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপ্রধানকে বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ যোগে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাই কমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রস। এসময় প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকের পরামর্শে যুক্তরাজ্যে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করেন।

গত ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এসময় হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।

বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ ও ‘সন্তোষজনক’ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণকালে রাষ্ট্রপ্রধান নিয়মিত দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: