সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিকৃবিতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সিকৃবি সংবাদদাতা :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে পুকুরে ডুবে মো. রায়হান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের ডান পাশের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান সিলেট নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমানের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাতারগাঁও ইউনিয়নের বাগেরটেক গ্রামে। রায়হান উত্তর বালুচরের জোনাকী খাদিজাতুল কুবরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে রায়হান তার ৪-৫ জন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে তিনি পুকুরের মাঝামাঝি চলে গেলে হঠাৎ সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি পানির নিচে তলিয়ে যেতে থাকেন। তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে আশপাশের লোকজনকে খবর দেওয়া হলে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। শিক্ষার্থীদের সহযোগিতায় তারা রায়হানকে পানির নিচ থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

পরবর্তীতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ হৃদয়বিদারক ঘটনায় পুরো সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও বেদনার অনুভূতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: