![]()


সরকারিভাবে নিবন্ধনের মাধ্যমে হজে যাওয়ার সুবিধাগুলো সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করতে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান চৌধুরী। তিনি বলেন, যথাযথ তথ্যের অভাবে অনেকেই বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান, অথচ সরকারি ব্যবস্থায় গেলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়।
সোমবার (৪ মে) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ইমাম-খতিবদের অংশগ্রহণে আয়োজিত ‘জেলার হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুবিধাগুলো বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মনজুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি নিবন্ধনের মাধ্যমে হজে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দেখা যায়, সরকারি ব্যবস্থার তুলনায় বেসরকারি ব্যবস্থায় হজযাত্রীর সংখ্যা বেশি।
সংশ্লিষ্টরা জানান, সরকারিভাবে হজে গেলে কী কী সুবিধা পাওয়া যায় সে বিষয়ে সচেতনতার অভাবই এ পরিস্থিতির অন্যতম কারণ।
ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে এবং সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) আশরাফুর রহমান।
কর্মশালায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
উল্লেখ্য, আগামী বছরের হজের সরকারি নিবন্ধনের আগে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের প্রতিটি জেলায় হজযাত্রী বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে। সিলেটের এই আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে।-বিজ্ঞপ্তি