সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাল সারা দেশের ৫০টি হলে মুক্তি পাচ্ছে ‘দম’

ডেইলি সিলেট ডেস্ক ::

২৪ এপ্রিল থেকে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পাচ্ছে দম। ঈদুল ফিতরে দেশের সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে যে, ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্রটি। এর ফলে সারা দেশের সাধারণ সিনেমাপ্রেমীরা সহজেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল আগেই জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়।

শাহরিয়ার শাকিল বলেন, “অভিনেতা আফরান নিশো-র ভক্তরা এবং সাধারণ দর্শকরা যারা এতদিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্পটি দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের উৎকর্ষতার ধারাবাহিকতায় ‘দম’-এর গল্প ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দর্শকরা—এটাই আমাদের প্রাপ্তি।”

তিনি আরও জানান, ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে এবং সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রুপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা ও যশোরের মণিহারসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ রয়েছে।

বড় পরিসরে মুক্তি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, “‘দম’ আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।”

ইতোমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে।

প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা ‘দম’ দেখার জন্য অপেক্ষা করছেন। ধাপে ধাপে বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে এবং দর্শকরা কেউই বঞ্চিত হবেন না।

‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহের অন্যতম কারণ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আফরান নিশো। তার অভিনয়ে মুগ্ধতার কথাই জানিয়েছেন দর্শকরা।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, “আমার মনে আছে, একদম প্রথম যখন রনি আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই আমি সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম—এরকম না আমি। আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরণের ভিশন ভিজুয়ালাইজ করি বা পারফর্মার হিসেবে নিজের গ্রোথ চাই, সেজন্য আমার গল্পটা খুব দরকার। এই জায়গা থেকে ‘দম’ খুব পারফেক্টলি ফিট করে। আর এজন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।”

যার জীবনের গল্প থেকে ‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি সিনেমাটি দেখেছেন।

‘দম’ সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: