সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ১৬ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট ও হবিগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ::

সিলেট ও হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই জেলার অভিযানে প্রায় ৩ কোটি টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোর থেকে সকাল পর্যন্ত সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান পরিচালনা করে প্রায় ৭০ লাখ টাকার পণ্য জব্দ করে।

এর মধ্যে ভোর ৫টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্ত পিলার ১৩১৬ সংলগ্ন রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

পরবর্তীতে সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দকৃত মহিষের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ইটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়। পরে পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দকৃত সকল পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: