সর্বশেষ আপডেট : ৪৬ মিনিট ৩১ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএসসি পরীক্ষা : সিলেটে প্রথম দিনেই অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার ::

সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হলেও প্রথম দিনেই অনুপস্থিতির সংখ্যা চোখে পড়ার মতো। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয়নি ৬৭৪ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় ০.৯৫ শতাংশ।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সিলেট বিভাগের চার জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের তথ্যমতে, এদিন মোট ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬৯ হাজার ৭১০ জন। তবে কোথাও কোনো অঘটন ঘটার খবর পাওয়া যায়নি। কোনো পরীক্ষার্থী বা কোনো হল পরিদর্শক বহিস্কারও হননি।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল সিলেট জেলায়—২৪১ জন। এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৬২৫ জন, উপস্থিত ছিল ২৮ হাজার ৩৮৪ জন।
সুনামগঞ্জে অনুপস্থিত ছিল ১৭০ জন, মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৯৭ জনের মধ্যে অংশ নেয় ১৪ হাজার ১২৭ জন। হবিগঞ্জে অনুপস্থিত ১৪৫ জন, মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জনের মধ্যে উপস্থিত ছিল ১২ হাজার ২৫০ জন। মৌলভীবাজারে অনুপস্থিত ছিল ১১৮ জন, মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৬৭ জনের মধ্যে অংশ নেয় ১৪ হাজার ৯৪৯ জন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিছ ইয়াছমিন জানান, ২২৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো পরীক্ষার্থী বা হল পরিদর্শককে বহিষ্কার করতে হয়নি।

এদিকে সামগ্রিকভাবে এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

বিভাগভিত্তিক হিসাবে মানবিক বিভাগে সর্বাধিক প্রায় ৫৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে প্রায় ২৫ হাজার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ৬ হাজার শিক্ষার্থী রয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আজ (২২ এপ্রিল) কোনো পরীক্ষা নেই। আগামীকাল (২৩ এপ্রিল, বৃহস্পতিবার) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: