![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট দোকান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এতে দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। জবাবে পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় পুলিশ কমিশনার জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগরীর সকল শপিংমল, মার্কেট, বিপণিবিতান, দোকানপাট, মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হোটেল ও রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ নির্দেশনার বাইরে থাকবে।
তিনি আরও বলেন, আটককৃত ব্যাটারিচালিত রিকশাগুলো শর্তসাপেক্ষে মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। একইসঙ্গে মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা (ইজি বাইক, মিশুক, টমটম) বিক্রয়কারী প্রতিষ্ঠান ও শোরুম দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সিলেট দোকান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।