![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কোতোয়ালী থানাধীন লামাবাজার ভাতালিয়া রোডের বিথিকা-এ/৫ নম্বর বাসার সামনে থেকে মোঃ ইসরাফিল মিয়া (৩৪)-এর একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিকনির্দেশনায় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ১৪ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ কামরুল হাসান (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাসান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মমিনপুর (সয়দাবাদ) গ্রামের আব্দুল মুকিতের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানার মেজরটিলা এলাকার মোহাম্মদপুর আবাসিক এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-২৭, তারিখ-১৪/০৪/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে, যার ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনসহ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম।