![]()


গোলাপগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর উপর দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সেতুটি নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সমীক্ষা কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়িত হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর (নয়াবাজার) এলাকায় কুশিয়ারা নদীর উপর সেতু না থাকায় শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষকে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পাশাপাশি সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলার নদীতীরবর্তী মানুষের জন্যও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, ভাদেশ্বর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণে সমীক্ষা শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমীক্ষা শেষ করে মূল প্রকল্পের কাজ শুরু করা হবে। তিনি বলেন, সেতুটি নির্মাণ হলে শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের সঙ্গে যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকাকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এদিকে, গত শুক্রবার ও শনিবার নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে সরকারিভাবে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুল আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে এমপি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা প্রদানের নির্দেশ দেন। এছাড়া তিনি ঢাকাদক্ষিণ এলাকার কাকেশ্বরী নদী ও দত্তরাইল মিনারপাড়ার গ্রামীণ সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, খাল খনন কার্যক্রমে সরকারের গুরুত্ব রয়েছে এবং ভরাট হয়ে যাওয়া কাকেশ্বরী নদী পুনঃখনন করা হবে। পাশাপাশি ভাঙাচোরা গ্রামীণ সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
পরবর্তীতে বিয়ানীবাজারেও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়েই তিনি কাজ করতে চান এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান।
স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।