![]()


প্রবাস ডেস্ক ::
সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধে যার যে অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকার ও সম্মান জানানো প্রয়োজন। তিনি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা উচিত। ভবিষ্যতেও দেশের উন্নয়নে প্রবাসীরা একইভাবে অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন খলিল আহমদ কবির এবং পরিচালনা করেন সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলার সদরুজামান খান, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মীর্জা আসহাব বেগ, সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হোসেন, কাউন্সিলার ফয়জুর রহমান, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, এডভাইজার মানিক মিয়া, কমিউনিটি নেতা পারভেজ সাজ্জাদ কোরেশী, সাংবাদিক মিসবাহ জামালসহ অনেকে।
সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক এনাম চৌধুরী, আলাউর রহমান শাহীন, ট্রেজারার মো. আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান, গোলজার খান ও গোলাম আজম তালুকদার, মহিলা সম্পাদিকা ইমদাদুন খান, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, এসেক্স শাখার চেয়ারপার্সন অ্যাডভোকেট মোমিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান।
সভায় মহান মুক্তিযুদ্ধের শহীদ, জাতীয় নেতৃবৃন্দ, সেক্টর কমান্ডার এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকদের যথাযথ মূল্যায়ন এবং প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং সংগঠনের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।