![]()


স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ এবং বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ খান।
প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহ ময়দান ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এতে সিলেটের দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এছাড়া সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নগরের দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।
সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। এখানে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থাও রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় এবং পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট জেলা ও মহানগর এলাকায় মোট ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগর এলাকায় ৩৯৬টি এবং জেলায় ২ হাজার ৫৬২টি জামাত অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, নগরের সবগুলো ঈদ জামাতে বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
অপরদিকে, সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানান, জেলার প্রতিটি ঈদ জামাতকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে এবং বড় জামাতগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।