সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে জামায়াতের ইফতার মাহফিল: কুরআনের পথে ফেরার আহ্বান ডা. শফিকুর রহমানের

স্টাফ রিপোর্টার :

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মাহে রমজান মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল, ততদিন তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই উম্মাহর মধ্যে বিপর্যয় নেমে এসেছে। তাই কুরআনের পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। কুরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। এ জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করা গেলে দেশের চেহারা পাল্টে যাবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট নিয়ে তারা ফলাফল মেনে নিয়েছেন। পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তারা সরকারের অনুগত বিরোধী দল হবেন না; বরং দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সরকারের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে, তবে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশিষ্ট আইনজীবী, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসক এবং সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

নগরীর আরামবাগস্থ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতী আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান এবং হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমান।

উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি মহানগর আহ্বায়ক কবির আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফুল ইসলাম সাজু।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রমজান মানবজাতির জন্য শ্রেষ্ঠ মাস। স্বাধীনতার অর্ধশতাব্দী পরও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ এখনো স্বপ্ন। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াত সৎ ও আদর্শবান নাগরিক তৈরিতে কাজ করছে বলে জানান তিনি। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মাহে রমজান কুরআন নাজিলের মাস এবং ইসলামের প্রাথমিক ও চূড়ান্ত বিজয়ের স্মারক। আত্মশুদ্ধির এ মাস থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের পথচলা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: