সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রমজানে বাজার নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

ডেইলি সিলেট ডেস্ক ::

নতুন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, রমজান ও পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত সরকারের কাছে রয়েছে এবং পাইপলাইনেও পর্যাপ্ত পণ্য আছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রক্রিয়া শুরু করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত যোগাযোগ এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

রপ্তানি খাত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনো অত্যন্ত সংকীর্ণ এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে, নতুন পণ্য যুক্ত করতে হবে এবং নতুন বাজার সম্প্রসারণে জোর দিতে হবে। পাশাপাশি বেসরকারি খাতে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

বিশ্ব বাণিজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে পরিবর্তনের কারণে বৈশ্বিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমিত সুযোগ নিয়ে বাংলাদেশকে এগোতে হচ্ছে এবং ভুল করার সুযোগ খুব কম। সাম্প্রতিক মন্থরতা কাটিয়ে দ্রুত অর্থনৈতিক গতি ফেরাতে সরকার কাজ শুরু করবে বলে জানান তিনি।

বৈদেশিক ও দেশীয় বিনিয়োগ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। বিনিয়োগকারীরা তখনই এগিয়ে আসেন, যখন তারা তাদের পুঁজি ও শ্রমের বিপরীতে প্রত্যাশিত রিটার্ন পাওয়ার বিষয়ে নিশ্চিত থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: