![]()


খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি :
সীমান্তে তৎপরতা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুড়ীতে প্রেস ব্রিফিং করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক মো. আতাউর রহমান সুজন, এসইউপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তৈবুন্নেছা খানম ডিগ্রি কলেজে বিজিবির বেইজ ক্যাম্পে আয়োজিত এ ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাড়ে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকায় চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, মোতায়েনকৃত সদস্যরা প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও আধুনিক সরঞ্জামসহ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি চলছে।
অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীন ১৫টি বিওপির আওতায় ১১৩ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, ২৯ জানুয়ারি থেকে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপগান, নাশকতামূলক সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। এতে সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা প্রতিহত করা সম্ভব হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনা, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
উত্তর-পূর্ব রিজিয়ন সদর দপ্তর সরাইল আশাবাদ ব্যক্ত করেছে যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।