![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
প্রক্রিয়াগত জটিলতা ও সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) । আগের মতোই ম্যানুয়ালি আবেদনের ভিত্তিতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কার্ড ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতিতে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সকালে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে অনলাইন আবেদনের প্রক্রিয়াগত ত্রুটি ও জটিলতা তুলে ধরেন। বৈঠকে সিইসি অনলাইন পদ্ধতিতে কিছু ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে তা নিরসনের আশ্বাস দেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে আবেদন করেছেন এবং যাদের আবেদন সম্পন্ন ও অনুমোদিত হয়েছে, সেগুলো বহাল থাকবে। তবে নতুন করে আর অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই। অতীতে যেভাবে সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পেতেন, সেভাবেই তা দেওয়া হবে। পদ্ধতিটি পুনরায় কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করতে হবে না। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে প্রক্রিয়াটি ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে সাংবাদিক নেতারা দ্রুত সমাধানের দাবি জানান এবং আগামী রোববারের মধ্যে জটিলতা নিরসনের আলটিমেটাম দেন। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।