সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনে জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

শপথ গ্রহণের সময় সদ্যবিদায়ী ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

আইনজীবী হিসেবে তার পেশাগত জীবন শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। পরে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ১৩ আগস্ট শপথ গ্রহণ করেন।

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার আলোকে দেশের সর্বোচ্চ বিচারালয়ের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করলেন জুবায়ের রহমান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: