সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাঁচ দাবিতে ইডেনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষকরাও আন্দোলনে

ডেইলি সিলেট ডেস্ক ::

ইডেন মহিলা কলেজকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় ছাত্রীরা রাস্তায় নেমে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন বলে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।

শিক্ষার্থীরা ছাড়াও এই কলেজের শিক্ষকরাও ব্যানার নিয়ে কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড পদ্ধতি বাতিল করে ইডেনসহ ঢাকার সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রাখাসহ আরো কিছু দাবি জানিয়েছেন তারা।

ওসি মোস্তফা কামাল বলেন, “শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে তারা ইডেনের সামনের সড়কে অবস্থান নিয়েছে। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।”

শিক্ষার্থীদের ৫ দফা দাবি:

১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।

২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।

৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা।
৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা ওই সড়ক থেকে অল্প সময়ের জন্য সরে গেলেও ফের তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ঢাকার সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: