![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক ও ফুটপাত এখন হকারদের দখলে চলে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। গত ৫-৬ মাস ধরে বেপরোয়া হয়ে ওঠা হকাররা সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাত ও সড়কের অর্ধেক জায়গা দখল করে পসরা সাজিয়ে বেচাকেনায় ব্যস্ত। ফলে নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি।
এই অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল বুধবার নগরীর তিনটি সামাজিক সংগঠন ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে নগর ভবনের সামনে দুপুর ১টা থেকে ১০ মিনিটের শয়ন কর্মসূচি এবং দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা চালালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিছু রাজনৈতিক নেতা, সিটি করপোরেশনের অসাধু কর্মচারী ও পুলিশের কিছু সদস্য নিয়মিত হকারদের কাছ থেকে অর্থ আদায় করছেন, যার কারণে এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
আয়োজক সংগঠনগুলোর দাবি, বারবার দাবি জানানো সত্ত্বেও সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১২ আগস্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না করা হলে ১৩ আগস্ট সিলেট সিটি করপোরেশনের প্রধান গেটে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জাতীয় যুব সংগঠক পদকপ্রাপ্ত ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন মোহাম্মদ সাজ্জাদ খান, আমিনুল ইসলাম ডিনেস, মাওলানা আবদুর রহিম, তোফায়েল চৌধুরী, ইব্রাহিম মিয়া, মুখতার আহমেদ তালুকদার, কামাল আহমদ, নুর হোসেন ও ফুজায়েল আহমদ প্রমুখ।
নগরবাসী মনে করছেন, এই সমস্যা সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নাগরিক জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।