![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালি। পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি গত ২৮ এপ্রিল জেলা প্রশাসক ও কমিটির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও সদস্য সচিব মো. নূর হোসেনকে পাঠানো পদত্যাগপত্রে অলক কাপালি কমিটির কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার বিষয়টি উল্লেখ করেন। জেলা প্রশাসক তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।
জাতীয় ক্রীড়া পরিষদ গত ৯ এপ্রিল সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি গঠন করে। এতে আহ্বায়ক করা হয় সিলেটের জেলা প্রশাসককে এবং সদস্য হিসেবে থাকেন ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও সাবেক ক্রীড়াবিদরা। অলক কাপালি ছিলেন সাবেক ক্রিকেটার হিসেবে একজন সদস্য। তার পদত্যাগের ফলে কমিটির সদস্য সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ৮ জনে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেন, অলক কাপালি পদত্যাগ করেছেন এবং তিনি বিষয়টি তাকে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদকে অলক কাপালি বলেন, “আমি কমিটির কাজের জন্য প্রয়োজনীয় সময় দিতে পারছি না। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্রিকেট এবং সিলেটের ক্রীড়া উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবো।”