![]()


কোম্পানীগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের কোম্পানীগঞ্জে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কাঁচির আঘাতে প্রবাসী ছোট ভাই রুহেল আহমেদ এহিয়া (২৫)-এর মৃত্যু হয়েছে। নিহত এহিয়া সৌদি প্রবাসী। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত হাজী আসিক মিয়ার পুত্র।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহেল আহমেদ এহিয়ার মৃত্যু হয়। নিহত এহিয়া আট মাস আগে দেশে এসে বিয়ে করার পর ফের তিন মাসের ছুটিতে আসেন। আগামী ৪ মে তার পুনরায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে গ্রামে সালিশ বসে। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া হঠাৎ কাঁচি দিয়ে রুহেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়, রাতেই মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “পারিবারিক বিরোধ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।”
এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত বড় ভাই জাকারিয়াকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে এমন রক্তাক্ত ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভেরও জন্ম দিয়েছে।