![]()


বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু গত ২৪ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে ইউনিয়ন পরিষদ বা এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনসহ জরুরি সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি গোপনে যুক্তরাষ্ট্রে পলায়ন করেছেন।
এর আগে গত বছর জুন মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই নাহিদ আহমদ আমেরিকা গমন করেন এবং প্রায় তিন মাস পর দেশে ফিরে এসে পুনরায় বেতন-ভাতা উত্তোলন শুরু করেন। তবুও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিষদে আসা ভোক্তভোগিরা চেয়ারম্যানকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এনাম উদ্দিন নামের একজন জানান, মেয়ের স্কুল ভর্তি কার্যক্রমের জন্য স্ত্রীর নাম সংশোধন করতে আবেদন করেছেন। কিন্তু একাধিকবার চেষ্টা করেও চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে কাজটি সম্পন্ন করতে পারছেন না।
প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “চেয়ারম্যান ২৪ মার্চ থেকে রেজুলেশন ছাড়াই পরিষদে অনুপস্থিত। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। জন্মনিবন্ধনের নিবন্ধক আইডি চেয়ারম্যানের কাছে থাকায় অন্য কেউ এই কাজ সম্পন্ন করতে পারছে না। ফলে সেবাগ্রহীতারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।”
ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়।
এ ব্যাপারে বড়লেখা উপজেলার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, “চেয়ারম্যান নাহিদ আহমদ ছুটি নেননি এবং পরিষদে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে জন্মনিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”