![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অবঃ) হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক লে. কমান্ডার (অব.) মেহেদী।
তিনি প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা আশা করছি শুনানি আগামী সপ্তাহেই শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখবেন।”
মেহেদী অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের কারণে। তিনি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রায় ঘোষণার ৭ কর্মদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।”
সংগঠনটি একইসঙ্গে শিশু আছিয়া, পারভেজ ও তোফাজ্জল হত্যাসহ জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানায়।
“ওসি প্রদীপ কুমার দাশের মতো মানবাধিকার লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের বিচার বিভাগের প্রতি আস্থা বাড়াবে এবং গুম-খুনের মতো অপরাধের বিচারকে সুগম করবে,” বলেন মেহেদী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইফুল্লাহ খান সাইফ, মুখ্য সংগঠক সৈনিক নাইমুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ক্যাপ্টেন শুভ, উপদেষ্টা লে. কর্নেল (অব.) সাখাওয়াতসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামসাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা। এ ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা করেন। পরে র্যাব তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।