![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। মীমের মা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে মীম দীর্ঘদিন ধরে মামার বাড়ি হিজলা গ্রামে নানির সঙ্গে বসবাস করছিল।
রবিবার সকালে মামাতো ভাই সাফায়েতের সঙ্গে বাড়ির সামনে খেলছিল মীম। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনই সবার অজান্তে পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজ শুরু করে এবং পরে বাড়ির সামনের ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু দুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।