![]()


স্টাফ রিপোর্টার ::
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমদাদ চৌধুরী বলেন, “শ্রমজীবী মানুষের রক্তঝরা ঘামেই বিশ্ব সভ্যতার বিকাশ হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিএনপি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষায় আপোসহীন সংগ্রাম করে এসেছে। আগামীতেও তাদের কর্মপরিবেশ নিরাপদ এবং কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবে।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর। পরিচালনা করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ শহিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আবদুল আহাদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএমএটি সিলেটের সহ-সভাপতি আলমগীর হোসেন এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন।
সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।