![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটে তিন ঘন্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার চালক নিহত ও তিন জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের খানুয়া নামক স্থানে ট্রাক-সিএনজি অটোরিকশার এবং সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালক মোহাম্মদ আলী (৫২) শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হন ঢাকা বাড্ডা এলাকার বাসিন্দা রামিম আহমদ (৩২)।
এছাড়া ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হন সিএনজি অটোরিকশা চালক সাজু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের ময়না মিয়ার ছেলে।
সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বাবু জানান, একটি বেসরকারি সিগারেট কোম্পানির ট্রেনিংয়ের জন্য চার কর্মকর্তা ঢাকা থেকে সিলেটে আসছিলেন। পথিমধ্যে নাজিরবাজারে ঢাকাগামী একটি বাসের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ঢাকার মিরপুরের বাসিন্দা মাইক্রোবাস চালক মোহাম্মদ আলী মারা যান এবং গুরুতর আহত হন সঙ্গে থাকা রামিম আহমদ।
পরে ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে যায়।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতদের হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে।
এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ভোররাত ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার খানুয়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চালক সাজুম মিয়া ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।