![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পার্শ্ববর্তী ডোবায় একজন মানুষের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ওই ব্যক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। টুকেরবাজার এলাকায় প্রায় দুই মাস যাবত থেকে অবস্থান করছিলেন এবং রাতে রাস্তার পাশে-ফুটপাতে ঘুমাতেন।। আজ (সোমবার) সকালে স্থানীয়রা শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ডোবায় তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।